চকরিয়ায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী যুবক নি/হ/ত 

লেখক: টেকনাফ টুডে ডেস্ক :
প্রকাশ: ১০ মাস আগে

এম জিয়াবুল হক : চকরিয়ায় বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় জুলকার নয়ন (২০) নামের এক মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেইটের উত্তরে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত জুলকার নয়ন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখিল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানিয়েছেন মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানিয়েছে, মহাসড়ক দিয়ে মোটর সাইকেল চালিয়ে কক্সবাজার যাওয়ার পথে গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে  চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের  মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গেইটের উত্তর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বেপরোয়া গতির গাড়ি মোটর সাইকেল আরোহী  জুলকার নয়নকে মুখোমুখি ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
পরে হাইওয়ে পুলিশ আশপাশের লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে আহত মোটরসাইকেল আরোহী জুলকার নয়নকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,
নিহত জুলকার নয়নের মরদেহ চকরিয়া উপজেলা হাসপাতাল মর্গে রয়েছে। তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরিবার সদস্যরা আসলে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ##