বিশেস প্রতিবেদক : টেকনাফের উপকূলীয় বাহারছড়ায় ইউপি নির্বাচন পরবর্তী দুপক্ষের সহিংসতায় উভয়পক্ষের ৭জন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ।
জানা যায়, গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যারদিকে বাহারছড়া উত্তর শিলখালী স্থানীয় মোঃ সোনালি মেম্বারের গ্রুপের সাথে মৃত লাল মোহাম্মদের পুত্র আবু বক্করের ছেলে-মেয়েদের সঙ্গে নির্বাচনে পরাজিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে খতা কাটাকাটি নিয়ে সংঘর্ষের সুত্রপাত হয়ে তা বিরাট আকার ধারণ করে। এতে সোনালি মেম্বারের পুত্র আবুল ফয়েজ (২৫), আব্বাস আহমেদের পুত্র মোহাম্মদ ইকবাল (১৮), আবু বক্করের স্ত্রী,মেয়ে ও পুত্র মহিব উল্লাহ (২২) ও রহমত উল্লাহ (৩০) আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকবালের অবস্থা গুরুতর হওয়ায় চমেকে রেফার করা হয়।
মেম্বার পদপ্রার্থী সৈয়দ আহমেদ বলেন, নির্বাচনের পরের দিন থেকে সোনালী মেম্বারের লোকজন আমার কর্মী সর্মথকদের হুমকি ধমকি দিয়ে আসছিল এবং এপর্যন্ত বাড়িতে থাকতে পারিনি।আজকে আমার বড় ভাই আবু বক্করের ছেলেদের সাথে নির্বাচনের ইস্যুকে কেন্দ্র করে বাড়ি ঘরের ঘেরাবেড়া কেটে তছনছ করে বাড়ি ঘরে হামলা করেছে।এতে ছেলে মেয়ে আত্মীয় স্বজনসহ অনেকে আহত হয়েছে।

এ ব্যাপারে সোনালি মেম্বার বলেন,” আমার পুত্র ফয়েজসহ ভাতিজা ইকবাল গুরুতর আহত হয়েছে। ইকবালের অবস্থা মারাত্মক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।
এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে । উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে বলে নিশ্চিত করেন তিনি । পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ধাওয়া ও ছত্রভঙ্গ করায় পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন এলাকার সচেতন মহল।
