নিজস্ব প্রতিবেদক : চকরিয়ায় অপর একটি প্রতিষ্ঠানের নামে চাউলের বস্তা ব্যবহার করে বিক্রির অভিযোগে রাইচমিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০) দুপুরে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় জাকের উল্লাহ নামের এক ব্যবসায়ীর চাউলের দোকানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো.রাহাত উজ জামান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান প্রসঙ্গে চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) মো.রাহাত উজ জামান বলেন, পৌরসভার মগবাজার এলাকায় একটি রাইচমিলে অন্য প্রতিষ্ঠানের নামীয় বস্তা ব্যবহার করে চাউল বিক্রির অভিযোগ পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
সেখানে দেখা গেছে, চালকল মালিক মোড়কে তার লাইসেন্স নম্বর ও ঠিকানা সঠিকভাবে উপস্থাপন করলেও বস্তার উপরিভাগে দেওয়া নাম অন্য প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিলে যায়। বিষয়টি নিয়ে পরে চালকল মালিক দোষ স্বীকার করেন।
তিনি বলেন, আগামী দুইমাসের মধ্যে চাউলের বস্তার উপরিভাগে দেওয়া নামটি সংশোধনের সুযোগ দিয়ে তাকে সর্তকতার পাশাপাশি ভোক্তা অধিকার আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এব্যাপারে রাইচমিল মালিক জাকের উল্লাহ বলেন, সরকারি বৈধ লাইন্সেস নিয়ে আমি চাউলের ব্যবসা করছি। আমার প্রতিষ্ঠানের নামে তৈরি করা মোড়ক (বস্তা) ও অন্য প্রতিষ্ঠানের মোড়কে তথ্যগত অনেক ফারাক আছে।
তিনি বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহোদয় আমার প্যাকেটজাত করা বস্তার চাউলে কোনধরনের অসঙ্গতি পাননি। তারপরও বস্তার উপরিভাগে দেওয়া নামের অংশে একটি শব্দ হুবহু মিলে যাওয়ায় তিনি আমাকে সর্তকর্তা করেছেন। আমার ধারণা, ব্যবসায়িকভাবে ইর্ষাণিত হয়ে হয়তো কেউ আমাকে হয়রানি করার জন্য এই কাজ করেছেন। ##
