টেকনাফ টুডে ডেস্ক :
কক্সবাজারের র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা এক অভিযান চালিয়ে ১৯ হাজার ইয়াবা নিয়ে রামু থানা পুলিশের একজন কনস্টেবল ও একজন ইয়াবা পাচারকারীসহ দুইজনকে আটক করেছে। সোমবার দিবাগত ভোর রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানকালে পুলিশের আরো একজন কনস্টেবল পালিয়ে গেছেন। র্যাব সদস্যরা আজ মঙ্গলবার রাত ৮টার দিকে আটক পুলিশ ও পাচারকারীকে রামু থানায় সোপর্দ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ইয়াবার চালানসহ আটক পুলিশের পোশাক পরিহিত রামু থানার কনস্টেবলের নাম ইকবাল হোসেন। আটক ইয়াবা পাচারকারী অপরজনের নাম ইয়াছিন আরাফাত এবং তিনি ফেনীর বাসিন্দা। র্যাব-৭ এর একদল সদস্য রামু বাইপাস সড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামমুখি একটি মাইক্রোবাস আটক করে সোমবার ভোর রাতে। মাইক্রোবাসটি নিয়ে রামু থানা পুলিশ নৈশকালীন টহল দিচ্ছিল। র্যাব সদস্যরা সেই মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানটি উদ্ধার করে। অভিযানকালে রামু থানার আরো একজন পুলিশ কনস্টেবল (রামু থানার ক্যাশিয়ার হিসাবে পরিচিত) পালিয়ে গেছেন।
এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার কথা নিশ্চিত করে রাতে জানান, ‘রামু থানার টহল পুলিশের রিকুইজিশন গাড়িটি ঘটনার আগেই ছেড়ে দেয়া হয়েছিল। কিন্তু কিভাবে পুলিশ কনস্টেবলের নিকট ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে সেটা তদন্ত করা হচ্ছে।’
থানার ওসি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। কক্সবাজারের পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন সাংবাদিকদের জানান, ইয়াবা কারাবারে জড়িত পুলিশ সদস্যদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না।
সূত্র কালের কন্ঠ অনলাইন
