আজ হতে এক সপ্তাহ ছুটির রাশিতে দেশ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : আজ থেকে আগামী ৬ মে পর্যন্ত নয়দিনের সাতদিনই ছুটি। মাঝে শুধু ৩০ এপ্রিল ও ৩ মে খোলা থাকবে অফিস-আদালত। ছুটির বিরতিতে কর্মদিবস এরপর আবার ছুটি পড়ায় অনেকে আগে থেকেই কর্মদিবসেও ছুটি নিয়ে রেখেছেন। ফলে ওই দিনগুলোতে অফিস খোলা থাকলেও কাজের ব্যস্ততা পুরোদমে শুরু হবে না বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ঈদ ছাড়া বাংলাদেশে এত দীর্ঘ ছুটির নজির আর নেই। সাপ্তাহিক ছুটি ও অন্য উপলক্ষগুলো পর পর মিলে যাওয়ার কারণেই কর্মজীবীদের জন্য একেবারে ‘একাদশে বৃহস্পতি’র মতো এ ছুটি। আজ শুক্রবার ও কাল শনিবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ এপ্রিল রোববার বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটি। ৩০ এপ্রিল সোমবার কর্মদিবস। ১ মে মঙ্গলবার মহান মে দিবস। পরদিন ২ মে বুধবার রয়েছে শবেবরাতের ছুটি। বৃহস্পতিবার অফিস খোলা। শুক্র ও শনিবার আবার সাপ্তাহিক ছুটি।
জুন মাসে ঈদের ছুটির আগে একবারে একটানা বা বিরতি দিয়ে এতদিনের ছুটি নিয়ে গত কয়েকদিন ধরেই আগ্রহ কর্মজীবীদের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমও বেশ সরগরম। ছুটিতে কে কোথায় যাবেন এ নিয়েও জল্পনা-কল্পনার শেষ নেই। মজা করে অনেকে বলছেন, ছুটির রাশিতে দেশ। রাশিচক্রে যারা ভাগ্যবান তাদের অনেকেই ৩০ এপ্রিল বা ৩ মে ছুটি নিতে পেরেছেন। আর যারা পারেননি তাদের হয়তো মন্দভাগ্য। কিন্তু তাদের জন্যও নানা উপায় বাতলে দেওয়া হচ্ছে ফেসবুকে। যেমন অনেকে বলছেন, টানা ছুটি কাটিয়ে ৩০ এপ্রিল অসুস্থ হয়ে পড়বেন, ৩ মে বৃহস্পতিবার অফিসে ঢুকে নাম সই করে বেরিয়ে পড়বেন। ফেসবুকে বাতলে দেওয়া এ পথ অনুসরণ করা সবার ক্ষেত্রে সম্ভব না হলেও, সত্যি সত্যি আজ থেকে ছুটির রাশিতে দেশ।
ছুটির এই রেশ গতকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকেই শুরু হয়েছে রাজধানীতে। শিকড়ের টানে অনেকেই বাড়ি ফিরতে ভিড় করেন বাস ও লঞ্চ টার্মিনালে। কমলাপুর রেলস্টেশন থেকে সন্ধ্যার পর ছেড়ে যাওয়া ট্রেনগুলোতেও দেখা গেছে বাড়তি ভিড়। হঠাৎ করে মেলা এ ছুটিতে অনেকেই আবার ছুটছেন পর্যটন কেন্দ্রগুলোতে। তিন পার্বত্য জেলা ও সিলেট-সুনামগঞ্জের দিকে ছেড়ে যাওয়া রাতের বাসগুলোতে অসংখ্য ভ্রমণপিপাসু ভিড় করেন। যারা গতকালের কাক্সিক্ষত টিকিট পাননি তাদের অনেকে আজ রওনা হবেন গন্তব্যে।
কর্মজীবী সবার মাঝে ছুটির আমেজ শুরু হলেও জরুরি সেবা প্রদানের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেরই দিন যাবে কর্মব্যস্ততায়। হাসপাতাল, ফায়ার সার্ভিস কর্মী, পুলিশের যেমন জরুরি সেবা দিয়ে কাটবে সময়, সংবাদপত্রকর্মীরাও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর তুলে ধরবেন দেশবাসীর সামনে।