টেকনাফ টুডে ডেস্ক : তাইজুল ইসলাম বলেছিলেন, ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট। তবে ওয়েস্ট ইন্ডিজকে বাংলাদেশ লক্ষ্যটা দিতে চায় ৩৫০। বড় লিডের স্বপ্ন নিয়ে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের ব্যাটিং শুরু করেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৯০ রান। ২৬১ রানে এগিয়ে বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হক ৫৫ ও লিটন দাস ১০ রানে অপরাজিত রয়েছেন। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ২৫৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
দ্বিতীয় ইনিংসে টপ অর্ডারদের ব্যর্থতা পুষিয়ে দিতে শনিবার চতুর্থ দিনের শুরুটা দারুণ করেন মুমিনুল-মুশফিক। তবে রাকিম কর্নওয়ালের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মুশফিক।
কর্নওয়ালের তৃতীয় শিকার হয়ে মুশফিক (১৮ রান) ফিরলে ভাঙে ৪০ রানের জুটি। টেস্ট ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি তুলে নিয়েছেন মুমিনুল।
তৃতীয় দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের শুরুতেই ১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। সাদমান ইসলামও (৫ রান) ফেরেন কিছুক্ষণ পরই। মুমিনুল হক ও মুশফিকুর রহীমের কল্যাণে তৃতীয় দিনটা স্বস্তি নিয়েই শেষ করে বাংলাদেশ (৪৭/৩)।
