হ্নীলা ষ্টেশনের ইয়াবা সিন্ডিকেটের ১জন ডিবির হাতে আটক হলেও আব্দুর রহমানসহ অপর সহযোগীরা ধরা-ছোঁয়ার বাইরে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের দল হ্নীলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হলেও শক্তিশালী এই সিন্ডিকেটের অপর সদস্য সাতকানিয়ার আব্দুর রহমানসহ অপরেরা ধরা-ছোঁয়ার বাইরে থাকায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সুত্র জানায়, গত ২০ডিসেম্বর রাত সাড়ে ৯টায় কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা বাজারে অভিযান চালিয়ে ৬হাজার ৯শ পিস ইয়াবাসহ হ্নীলা নাটমোরা পাড়ার মৃত আব্দুল হকের পুত্র শামছুল আলম (২৫) কে আটক করে।
এই ব্যাপারে ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরণ করার পর হতে সিন্ডিকেটের অপর সদস্যদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। নিজেরাই রক্ষার জন্য একাধিক গোপন বৈঠক করে পার পাওয়ার চেষ্টা করছে।

স্থানীয় একটি সুত্রের দাবী,হ্নীলা ষ্টেশনে রুবী মার্কেটে ষ্টোর ব্যবসার আড়ালে সাতকানিয়া উপজেলার রুপকানিয়ার মাইজ পাড়ার ছৈয়দ নুরের পুত্র আব্দুর রহমান স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে মাদকের এই অপতৎপরতা চালিয়ে আসছে।

এই ব্যাপারে জানতে চাইলে আব্দুর রহমান বলেন, আটক শামসু আমার বন্ধু ঠিক তবে আমি এসব খারাপ কাজে জড়িত নয়। ব্যবসায়িক শত্রুতাবশত একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয় সচেতনমহল জানিয়েছেন,তারা দীর্ঘদিন ধরে হ্নীলা ষ্টেশন এলাকার কয়েকজন প্রভাবশালীদের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলে দেদারসে এই অপকর্ম চালিয়ে আসছে। তদন্ত স্বাপেক্ষে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছে। ###