টেকনাফ টুডে ডেস্ক : বগুড়ার সান্তাহারে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। কারখানা থেকে এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে আদমদিঘীর ফায়ার স্টেশনের কর্মকর্তা রুহুল আমিন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার হেমতখালী এলাকায় বিআইআরএস নামের একটি প্লাস্টিকের থালা নির্মাণ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনও সেখানে কাজ চলছে।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত যে পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
কারখানার মালিক সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট বলেন, ‘সকাল থেকেই কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন। তবে কীভাবে আগুন লাগলো বুঝতে পারছি না। আগুন লাগার পরই শ্রমিকরা বেরিয়ে আসেন। খবর পয়ে আমি ঘটনাস্থলে আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট ও গ্লাস তৈরি করা হতো। আগুনে অনেক কাঁচামাল পুড়ে গেছে। এছাড়া, মেশিনগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে।’ এতে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
