বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা উখিয়া বালুখালী কাস্টম্স ঘাট মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আনার সময় ৬লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
সুত্র জানায়, ২৫ ডিসেম্বর (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মিয়ানমার থেকে বড় ধরনের মাদকের চালান খালাসের গোপন সংবাদের উখিয়ার বালুখালী ঘাট কাস্টম্স ষ্টেশন এলাকায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ১টি বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/১৫ এর বাসিন্দা মোঃ কালুর পুত্র মোঃ মাহাত আমিন (১৮) কে আটক করে। এসময় আরো ২/৩জন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে বস্তাটি তল্লাশী করে ৬লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়।
এই ব্যাপারে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে সংশ্লিষ্ট মামলায় স্থানীয় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ###
