মহেশখালীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের পাহাড়ী এলাকায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।

নিহতের নাম ছৈয়দুর রহমান প্রকাশ ওরফে খুইল্যা মিয়া। তিনি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের আজম উল্লাহর ছেলে।

পুলিশের দাবি, নিহত খুইল্যা অস্ত্র কারিগর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী।

শুক্রবার ভোর ৫টা থেকে বেলা ১২ টা পর্যন্ত মহেশখালীর হোয়ানকের কেরুনতলি পাহাড়ী এলাকায় এ বন্দুকযুদ্ধ ঘটে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের পুলিশ সুপার ড.একেএম ইকবাল হোসেন জানান, অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়ে শুক্রবার ভোরে মহেশখালী থানার এক দল পুলিশ হোয়ানকের কেরুনতলির পাহাড়ী এলাকায় অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে অভিযানকারীরা জেলা পুলিশের সাহায্য কামনার পাশপাশি পাল্টা গুলি চালায়।

গুলিবিনিময়ের এক পর্যায়ে কক্সবাজারের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে আরো একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে ডাকাতদল পিছু হটে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, পুলিশের গুলিতে খুইল্যা মিয়া ডাকাত নিহত এবং পুলিশের সাত সদস্য আহত হয়।

পুলিশ সন্ত্রাসীদের আস্তানা থেকে ১৩টি দেশীয় অস্ত্র ও ৩৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, নিহত খুইল্যা মিয়ার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আহত পুলিশ সদস্যদের মহেশখালী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।