পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় ‘সবুজ সাথী সম্মাননা’ পেয়েছেন আবুল মনজুর

লেখক: টেকনাফ টুডে ডটকম
প্রকাশ: ১ বছর আগে

পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদান রাখায় ‘সবুজ সাথী সম্মাননা’ পেয়েছেন কক্সবাজার জেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা আবুল মনজুর।

বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টায় কক্সবাজার শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এ সম্মাননা দেওয়া হয়।

পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ এ সম্মাননা দেয়।

আবুল মনজুর পরিচিতি পেয়েছেন কক্সবাজারের ‘সবুজ বিপ্লবের মহানায়ক’ হিসেবে। নিজের কর্মজীবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি বৃক্ষরোপণ, ছাদ বাগান ও পরিবেশ সচেতনতামূলক নানা কাজে যুক্ত। তার এসব কর্মকাণ্ড কক্সবাজারে পরিবেশ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিবেশবিদ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর মহাপরিচালক শরীফ জামিন।

উপস্থিত ছিলেন- কক্সবাজার জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

আবুল মনজুর অনুভূতি জানিয়ে বলেন, ‘এই সম্মাননা আমার জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি। এটি আমাকে আরও সচেতনভাবে কাজ করে যাওয়ার উৎসাহ দেবে।’

তিনি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং ‘ওয়াটারকিপার্স বাংলাদেশে’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তার কথায়, ‍‌‌‘পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও এনজিওদের আরও সক্রিয় হওয়া দরকার। যারা পরিবেশ নিয়ে কাজ করেন, তাদের সম্মান জানানো উচিত।’

সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি পরিবেশ রক্ষা ও নগর কৃষিকে এগিয়ে নিতে আবুল মনজুরের প্রচেষ্টা অনেকের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে। তার হাতে রোপিত গাছ, গড়া ছাদবাগান এবং উৎসাহ দেওয়া তরুণরা কক্সবাজারে একটি সবুজ আন্দোলনের ভিত্তি তৈরি করছে।