টেকনাফ টুডে ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারের আসরের অন্যতম ফেবারিট শিরোপা পুনরুদ্ধারে নামা ইংলিশরা।
সুপার টুয়েলভসে নিজেদের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মরগানের দল। গেইল-পোলার্ডদের নিয়ে গড়া ক্যারিবীয়দের ব্যাটিং লাইন-আপ মাত্র ৫৫ রানেই গুটিয়ে যায় ইংলিশ বোলারদের সামনে। জবাব দিতে নেমে ৬ উইকেটের জয় তুলে নেয় ইংল্যান্ড।
বুধবার বিকেলে আবুধাবিতে গত ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার আগে তাই নানা কৌশল সাজাতে হচ্ছে টাইগারদের। শারজায় শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এমনিতে ব্যাকফুটে রাসেল ডমিঙ্গোর দল। তার মধ্যে চোটে পড়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে বোলিং অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দীনের।
তবে প্রতিপক্ষ ‘ভয়ংকর’ হলেও ভয় পাচ্ছেন না বাংলাদেশের বোলিং কোচ ওটিস গিবসন। ইংল্যান্ডের অতি-ইতিবাচক দৃষ্টিভঙ্গিই তার দলকে সুযোগ এনে দেবে মনে করছেন তিনি। সেই সঙ্গে শিষ্যদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গিবসনের কণ্ঠে।
টাইগাররা জেতার জন্য মাঠে নামবে জানিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের মানসিকতা সবসময় ইতিবাচক। যেদিন আপনি ইতিবাচক হবেন, কিন্তু পরিস্থিতিতে যদি আপনার ইতিবাচকতা কাজে না আসে, কখনো কখনো আপনি উইকেট তুলে দিয়ে আসেন।’
‘আমি আমার বোলার ও ব্যাটসম্যানদের বলেছি, ইংল্যান্ডের বোলাররা উইকেট পেতে চায় সবসময় এবং ইংল্যান্ডের ব্যাটাররা সবসময় স্কোর খুঁজে। তারা আমাদের বোলারদের চাপে রাখবে। আমার বার্তা, তাদের আতঙ্কিত না হওয়ার।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকু রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, রুবেল হোসেন/শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
