টেকনাফ টুডে ডেস্ক : টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশ চারটি ম্যাচ খেলেছিল অজিদের বিপক্ষে, সবগুলো ম্যাচেই একই ফল; পরাজয়। অবশেষে হারের বৃত্ত ভেঙে ঘরের মাঠে আরাধ্য সেই জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। ব্যাট হাতে ভালো পুঁজি ছিল না। সাকিবের ৩৬ রানের সঙ্গে নাঈমের ৩০ আর আফিফের ২৩ রানে ভর করে বাংলাদেশ ১৩১ রান করে।
এই রানে যে আটকে দেওয়া সম্ভব তা খেলা শুরুর প্রথম বল আগ পর্যন্ত কেউ কল্পনাও করেনি হয়তো। প্রথম বলেই মাহেদী ফেরান অ্যালেক্স কারিকে; এর পরের দুই ওভারে নাসুম-সাকিবের টানা দুই উইকেট। তিন ওভারে তিন উইকেট হারিয়ে তখন কাঁপছে অস্ট্রেলিয়া। প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়ে যান মার্শ-ওয়েড। ওয়েডকে ফিরিয়ে নাসুম স্বস্তি এনে দেন তবে গলার কাঁটা হয়ে দাঁড়ান মার্শ। তাকেও ফেরান নাসুম। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে অজিদের একাই গুঁড়িয়ে দেন সিলেটি এই স্পিনার। শেষ পর্যন্ত ১০৮ রানের বেশি করতেঁ পারেনি সফরকারীরা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে অজিদের বধ করলো বাংলাদেশ।
বাংলাদেশ: ২০ ওভারে ১৩১/৭
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১০৮/১০
বাংলাদেশ ২৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাসুম আহমেদ।
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য ম্যাচ: সাকিব আল হাসান।
