ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আটক ১১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডেস্ক ::
রাজধানীর সবুজবাগ এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১১ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা ডিবি পুলিশের পূর্ব বিভাগের খিলগাঁও জোনাল টিম তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- ইউসুফ কাজী, আলাউদ্দিন আলী, আকাশ রহমান মিন্টু, আফসার আলী, ফারুক হোসেন, আবদুল মালেক মিয়া, মাসুদ পারভেজ, শাহীন কাজী, লিটন শেখ, মাসুম গাজী, আসলাম শেখ।

দুপুরে ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন।

তিনি বলেন, ১৫/২০ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা আরো সাতজন পালিয়ে যায়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ৩টি গাড়ি, ৫ রাউন্ড গুলি, তিনটি ম্যাগাজিন, ৩টি বিদেশী পিস্তল, দুটি দেশীয় পাইপ গান, একটি ওয়াকটিকি, ৫টি ডিবি পুলিশের জ্যাকেট, ৫টি হ্যান্ডকাপ ও একটি ব্যাগ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সবুজবাগ থানায় দুটি মামলা হয়েছে।