‘মাদক বিক্রেতাদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে মেরে ফেলা উচিত’

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার

মাদকের করাল গ্রাসে ধ্বংস হচ্ছে দেশ ও জাতি, সেই সঙ্গে দেশের উন্নয়নকেও বাধাগ্রস্ত করছে তাই ‘মাদকসেবী ও মাদক বিক্রেতাদের প্রকাশ্যে ফায়ারিং স্কোয়ার্ডে মেরে ফেলা উচিত’ বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার।

বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী কলেজ মাঠ প্রাঙ্গণে মাদক অপরাধ দমন ও মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান ফিজার বলেন, মাদক আমাদের দেশে এখন সবচেয়ে বড় সমস্যা তাই এ সমস্যা নিরসনে প্রশাসনকে আরও কঠোর অবস্থান নিতে হবে।

তিনি প্রশাসনের কিছু লোকের সংশ্লিষ্ট থাকার কথা উল্লেখ করে বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর কথা বলেছেন। কিন্তু বিরোধী দল সবসময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা বলে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের উৎসাহিত করছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে তা কেউ আটকাতে পারবে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে।

মাদকবিরোধী সমাবেশে দিনাজপুর জেলা প্রশাসক ডক্টর আবু নঈদ মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার আবু সায়েম।

এ সময় মাদকদ্রব্য অধিদফতরের উপপরিচালক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।