হ্নীলায় নিখোঁজ হাফেজ ২১দিন পর বাড়ি ফিরেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

ফরিদুল আলম : হ্নীলায় মাদ্রাসায় যেতে গিয়ে নিখোঁজ হাফেজ ২১দিন পর বাড়ি ফিরেছে। হারানো ছেলের সন্ধান পাওয়ার পর বাড়িতে চাঞ্চল্য ফিরেছে।

গত ২১ নভেম্বর গভীর রাতে চট্টগ্রাম ষোল শহরের বন্ধুদের আস্তানা হতে হ্নীলা সুলিশ পাড়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র এবং হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ হেফজ বিভাগের ছাত্র ওমর ফারুককে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে জানান,ঘটনার দুইদিন আগে মাদ্রাসায় যায়নি। সহকর্মীরা শিক্ষক কর্তৃক বেদম প্রহারের ভয় দেখায় চট্টগ্রাম ষোলশহরে কয়েকজন বন্ধুদের ওখানে পালিয়ে যায়। শেষ পর্যন্ত বাড়ি,মা-বাবা,ভাই-বোনের মায়ায় থাকতে না পেরে বাড়িতে ফোনে জানালে বাবা গিয়ে আমাকে বাড়ি নিয়ে আসে।

হ্নীলা বায়তুল জাব্বার জামে মসজিদের ঈমাম মাওলানা নুরুল ইসলাম জানান,মহান আল্লাহর রহমতে ছেলেকে ফিরে পেয়ে নিজে একটু সুস্থতাবোধের পাশাপাশি পরিবারে স্বস্তি ফিরেছে।
এই ছেলের সন্ধান লাভের পর ফিরে আসা ছাত্রের মা ফরিদা বেগম জানান,এই ছেলে নিরুদ্দেশ থাকায় আমার খাওয়া-ধাওয়া ও চোখে ঘুম ছিলনা। মহান আল্লাহর রহমতে ছেলেকে ফিরে পাওয়ায় স্বস্তির নিঃশ^াস ফেলছি। ছেলেকে ফিরে পাওয়ায় আল্লাহর নিকট অশেষ শুকরিয়া আদায় করছি।

উল্লেখ্য, চলতি মাসের গত ১লা নভেম্বর দুপুর দেড়টারদিকে হ্নীলা সুলিশ পাড়ার মৌলভী নুরুল ইসলামের পুত্র এবং হ্নীলা জামেয়া দারুস সুন্নাহ হেফজ বিভাগের ছাত্র ওমর ফারুক (১৪) কে ভাত খাওয়ার পর বাবা হেফজখানায় পাঠিয়ে দেন। পরদিন হতে হেফজখানার এই ছাত্র নিখোঁজ ছিল। অবশেষে ২১দিন পর বাড়ি ফিরে আসায় সকলের মধ্যে স্বস্তি ফিরেছে। ###