হ্নীলায় চোরাই মাটি পাচারকালে ডাম্পার উল্টো শিশু আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলায় চোরাই মাটি পাচারকালে ডাম্পার উল্টে ১ শিশু আহত হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
জানা যায়,১৭ অক্টোবর (শনিবার) বিকেল সাড়ে ৩টারদিকে উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ায় লেদাগামী মাটি ভর্তি ডাম্পার (ঢাকামেট্টো-ট-১৪-২৩৫১) উল্টে মোহাম্মদ মুদ্দাচ্ছির সাদেক নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশু স্থানীয় মৌলভী সানা উল্লাহর পুত্র। উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে হ্নীলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা হাসপাতালে রেফার করেন। হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক জাকির হোসাইন সংবাদের সত্যতা নিশ্চিত করেন।
এদিকে হ্নীলার পাহাড়ী জনপদ বিভিন্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে মাটি পাচার করে আসছে সংঘবদ্ধ একটি চক্র। ওই চক্র প্রতিনিয়ত ব্রিকফিল্ডসহ বিভিন্ন স্থানে মাটি পাচার করছে। দুর্ঘটনার কবলে পড়া ডাম্পারটিও মাটি পাচারে জড়িত। পরিবেশবাদীরা মাটি পাচার বন্ধে অবৈধ ডাম্পারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানান।#