টেকনাফ সীমান্তে এক মাসে ৩৯ কোটি টাকার মাদকসহ চোরাইপন্য জব্দ : ৭২টি মামলা, আটক-২৯

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল করিম রাসেল, টেকনাফ:
টেকনাফে গত ১ মাসে ৩৯ কোটি টাকার মাদকদ্রব্য সহ চোরাইপন্য জব্দ করেছে বিজিবি। এসময় ২৯ জনকে হাতেনাতে আটক করা হয়েছে। মামলা দায়ের করা হয়েছে ৭২টি। এসব মামলায় পলাতক আসামী করা হয়েছে ৮ জনকে। এছাড়া ১টি স্বর্ণ পাচার মামলাসহ ২৯টি অন্যান্য চোরাচালান পন্যের মামলা রুজু করা হয়েছে। বিজিবি ২ ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, গত ফেব্রুয়ারী মাসে টেকনাফ সীমান্ত দিয়ে পাচারের সময় ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়েছে। সীমান্তে মাদক ও মানবপাচার রোধে বিজিবির টহল দল সতর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান
ফেব্রুয়ারী মাসে বিজিবি জওয়ানরা সীমান্তের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মিয়ানমার হতে পাচার হয়ে আসার পথে ১২ লাখ ৩৭ হাজার ৭৩৫ পিচ মালিকবিহীন ও ৬২ হাজার ৪৫২ পিচ মালিকসহ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার মূল্য ৩৭ কোটি ১৩ লাখ ২০ হাজার ৫শ টাকা। ইয়াবা পাচারের ঘটনায় ২৮ জনকে আটক করে ৪২টি মামলা রুজু করা হয়েছে। যাতে পলাতক আসামী ৮জন।
অপরদিকে ২২ লাখ ৮ হাজার টাকা মূল্যের অন্যান্য মাদক জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৫২৬১ ক্যান বিয়ার, ৩৭০ লিটার চোলাই মদ, ৪৭১ বোতল বিদেশী মদ, মালিকসহ ও মালিকবিহীন সাড়ে ২১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এতে ১জনকে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়েছে। মোট মামলা রুজু করা হয়েছে ৩০টি।
এছাড়া পাচারের সময় ৮৩১ গ্রাম স্বর্ণ ও একটি দেশীয় তৈরী অস্ত্রসহ ১ কোটি ৬২ লাখ টাকার চোরাইপন্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২৯টি মামলা রুজু করা হয়েছে। আটক করা হয়েছে ১জনকে।
তবে ফেব্রুয়ারী মাসে মালয়েশিয়া মানব পাচার ছিল শূন্যের কোটায়। গেল মাসে কোন মানব পাচারের ঘটনা ঘটেনি। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১৫টি নৌকা নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি।