ডেস্ক নিউজ :
নয়ন বন্ডের ক্রসফায়ারের ঘটনায় আরও হাইকোর্ট বলেন, ‘নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ তাকে পেছন থেকে লালন-পালন করে ক্রিমিনাল বানিয়েছে
বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি নয়ন বন্ডের ক্রসফায়ারের ঘটনায় হাইকোর্ট বলেছেন, ‘আমরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। কেউ পেছন থেকে লালন-পালন করে ক্রিমিনাল বানিয়েছে।’
বৃহস্পতিবার (৪ জুলাই) এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হলে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন্তব্য করেন। আদালতে প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দাখিল করা ওই প্রতিবেদনে বলা হয়, রিফাত হত্যার সঙ্গে জড়িত এজাহারভুক্ত এখন পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া সন্দেহভাজন হিসেবে গ্রেফতার আছেন চারজন। এতে বলা হয়েছে, সন্দেহভাজন আসামি ধরতে অভিযান চালানোর সময় পুলিশের ওপর অতর্কিত হামলা চালালে পুলিশ আত্মরক্ষায় গুলি করতে বাধ্য হয়। গোলাগুলি থেমে গেলে পুলিশ সেখান থেকে নয়ন বন্ডের লাশ শনাক্ত করে।
এর আগে গত ২৭ জুন, রিফাত হত্যার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে নির্দেশ দেন হাইকোর্ট। একইসঙ্গে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাতকে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতরা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেজন্য সীমান্তে অ্যালার্ট জারি করার নির্দেশ দিয়েছিলেন আদালত।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারীদের বাধা দিয়েও স্বামীকে রক্ষা করতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন বিকালেই তিনি মারা যান।
