এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে পূর্ব শত্রুতার জের ধরে জাকের হোছাইন (৬০) ও তার নাতি তৌহিদুল ইসলাম (১৬) নামের কলেজ শিক্ষার্থীকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডস্থ আলী আকবর মুন্সির বাড়ির সামনে চলাচল রাস্তায় ঘটে এ হামলার ঘটনা। আহতদের উদ্ধার করে রাতে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের পরিবার থানায় এজাহার দায়ের করেছে। আহত জাকের হোছাইন ওই ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডের দক্ষিণ বহদ্দার কাটা এলাকার মৃত হেদায়েত আলীর ছেলে ও তৌহিদুল ইসলাম একই এলাকার বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানাগেছে, শনিবার রাত ১১টার দিকে বিএমচর সড়ক দিয়ে দোকান থেকে বাড়ির দিকে যাচ্ছিল জাকের হোছাইন ও তার নাতি তৌহিদুল ইসলাম। প্রথিমধ্যে চলাচল রাস্তায় ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর বহদ্দার কাটা এলাকার আলী আকবর মুন্সির বাড়ির সামনে পৌঁছলে পূর্বশত্রুতার আক্রোশে পরিকল্পিত ভাবে একই এলাকার মৃত মোহাম্মদ হোছাইনের পুত্র এরশাদ হোছাইন, আবুল হোছাইনের পুত্র মোজাফ্ফর আহমদ, মোহাম্মদ হোছাইনের পুত্র আমজাদ, আবুল হোছাইনের পুত্র জহির আলম ও তার ছেলে আবুল ইউসুফের নেতৃত্বে তাদের লোকজন জাকের হোছাইন ও তৌহিদের হঠাৎ চলাচল পথ গতিরোধ করে আক্রমণ করে। এসময় অতর্কিত ভাবে ধারালো কিরিচ দিয়ে হত্যার চেষ্টায় জাকের হোছাইনকে সন্ত্রাসীরা কুপিয়ে মারাত্মক জখম করে।
ঘটনার সময় নানা জাকের হোছাইনকে নাতি তৌহিদ বাঁচাতে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করে। হামলার এ ঘটনায় আহত জাকের হোছাইনের স্ত্রী সুজন নাহার বাদি হয়ে থানায় একটি এজাহার জমা দিয়েছেন।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, হামলার ঘটনায় একটি এজাহার দেয়া হয়েছে। তদন্তে ঘটনার সত্যতা পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##
