শফিউল জুয়েল : দেশের প্রথম নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল হিসাবে স্বীকৃতি পেয়েছে বার্তা বাজার ডট কম। আজ (বুধবার) তথ্য অধিদপ্তরে নির্ধারিত ফি জমা দিয়ে দেশের জনপ্রিয় এই নিউজ পোর্টালটি নিবন্ধন প্রক্রিয়া শেষে নাম্বার সংগ্রহ করে। যার নং-০০০১।
এর আগে গত ৩০ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়ে তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়।
একই দিন রাত সাড়ে ১২টার পর সেই তালিকা থেকে দৈনিক সংবাদপত্রের অনলাইন সংস্করণগুলোর নাম বাদ দিয়ে ৩৪টি অনলাইন নিউজ পোর্টালের নতুন তালিকা প্রকাশ করা হয়।
নিবন্ধন প্রাপ্তির বিষয়ে বার্তাবাজারের সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, সকল পাঠকদের ভালবাসায় ও সহযোগীতায় বার্তাবাজারের এই পথচলা। বস্তুনিষ্ট সংবাদের মাধ্যমে অগণিত পাঠকের আস্থা অর্জন করতে পেরেছে বলে আজ বার্তা বাজার নিবন্ধন পেয়েছে।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ আগস্ট বার্তা বাজারের যাত্রা শুরু। পরবর্তীতে পত্রিকাটির অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেইজ ও গ্রুপের মাধ্যমে ভিডিও সংবাদ সংযুক্ত করে। বার্তা বাজার পরিবারে বর্তমান ফেসবুক পেইজ ও গ্রুপ মিলিয়ে মোট ৬৯ লাখ ফ্যান রয়েছে ।
