নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ব্যক্তি মালিকানাধীন পুকুর ও চিংড়ি ঘেরে রাতের আধারে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুকুর ও চিংড়ি ঘেরের প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামে সাংবাদিক গিয়াস উদ্দিনের পুকুর ও চিংড়ি ঘেরে হামলা ও লুটপাটের ঘটনাটি ঘটে। চিংড়ি ঘেরের মালিক ও এলাকাবাসী খবর পেয়ে বাধা দিতে চেষ্টা করলে সংঘবদ্ধ চোরের দল ফাঁকা গুলি বর্ষণ করে মাছ লুট করে পালিয়ে যায়।
স্থানীয় এলাকাবাসি জানায়, শনিবার দিবাগত রাতে মগনামা ইউনিয়নের বাইন্যা ঘোনা গ্রামে অবস্থিত পেকুয়া উপজেলার সিনিয়র সাংবাদিক গিয়াস উদ্দিনের মালিকানাধীন একটি পুকুর ও চিংড়ি ঘেরে ৮-১০ জনের সংঘবদ্ধ চোরের দল হামলা চালায়। এসময় চোরের দল পুকুর ও চিংড়ি ঘের থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। ঘটনার প্রায় দুই ঘঁন্টা পর পুকুর ও চিংড়ি ঘেরে লুটপাটের খবর পেয়ে এলাকাবাসী বাধা দিতে চেষ্টা করলে চোরের দল ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায়।
পুকুর ও চিংড়ি ঘেরের মালিক সাংবাদিক গিয়াস উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন ধরে তার বসতবাড়ি সংলগ্ন পুকুর ও চিংড়ি ঘেরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিলেন। চলতি মৌসুমে বিভিন্ন প্রজাতির মাছগুলো সাইজে বড় হয়েছে। মাছ ধরার পূর্ব মুহুর্তে স্থানীয় মনিয়া ডাকাতের নেতৃত্বে ৮/১০ জনের একদল চোর ঘটনার দিন তার পুকুর ও ঘেরে হামলা চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার মাছ লুট করে নিয়ে যায়। তিনি এ ব্যাপারে সংঘবদ্ধ চোরদের বিরুদ্ধে পেকুয়া থানায় মামলা করবেন বলে জানান। #
