কক্সবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিনিধি :
কক্সবাজারে প্রথম একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

কক্সবাজার সদর হাসপাতাল তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, আক্রান্ত একজন নারী রোগী বেশ কয়েকদিন যাবৎ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার একপর্যায়ে ওই রোগীর মাঝে করোনার লক্ষণ দেখা দেয়ায় তার রক্তের নমুনা আইইডিসিআর এ পাঠানো হলে মঙ্গলবার দুপুরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। ওই রোগী সৌদি ফেরত বলে জানা গেছে। তার বাড়ি কক্সবাজারের খুটাখালিতে।
কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান জানান, এর আগে সন্দেহজনক আরো দুই জনের স্যাম্পল পাঠানো হয়েছিল আইইডিসিআর এ, তাদের রিপোর্ট নেগেটিভ ছিল। গত ২২ মার্চ শনাক্ত হওয়া রোগীর স্যাম্পল পাঠানো হয়েছিল যা পজিটিভ রিপোর্ট আসলো। এটাই কক্সবাজারের প্রথম শনাক্ত হওয়া করোনা রোগী বলে জানান তিনি।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, ঠান্ডাজনিত অসুস্থ্যতা নিয়ে ভর্তি হওয়া বয়স্ক ওই নারী প্রথমে জানাননি তিনি বিদেশ ফেরত। ফলে হাসপাতালের চিকিৎসক-সেবিকা সহ সংশ্লিষ্টরা স্বাভাবিক রোগির মতোই তাকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। পরে বিদেশ ফেরত জানতে পারেন এবং করোনার লক্ষণ দেখা দেয়ায় পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। নমুনায় পজিটিভ আসায় এখন সেসব চিকিৎসক-সেবিকারা আতংকিত হয়ে পড়েছেন বলে জানা গেছে। এমনকি পজিটিভ রিপোর্ট আসার সাথে সাথে অনেক চিকিৎসক হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন বলেও জানা গেছে।

এদিকে হাসপাতালের একজন চিকিৎসক জানান, আক্রান্ত ওই নারীর মাধ্যমে অনেকের মাঝে কোভিড ১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। তাকে চিকিৎসা দেয়া চিকিৎসকরা আবার হাসপাতালের অন্য রোগীদের চিকিৎসা দিয়েছেন, তাদের পরিবারের সাথে মিশেছেন। সেই রোগীর স্বজনরা আবার অনেকের সাথে মিশিছেন। এভাবে হয়ত এটা সবার অজান্তে অনেকের মাঝে ছড়িয়ে পড়েছে।