নিজস্ব প্রতিবেদক : আশ্রয়ণ প্রকল্প নিয়ে কাউন্সিলর আকতার কামালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের সমিতিপাড়া হোসেন মার্কেট সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ নেয় হাজার হাজার বিক্ষুব্ধ নারী-পুরুষ। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় সকলে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্প নিয়ে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর এস.আই.এম আকতার কামালের বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় অপপ্রচার করা হচ্ছে। যা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। এলাকার কিছু ষড়যন্ত্রকারী বহিরাগত কিছু মানুষের ইন্দনে উক্ত ষড়যন্ত্রের জালবুনে যাচ্ছেন। চক্রটি এলাকার উন্নয়ন চায় না। তাদের লক্ষ্য শুধু সাধারণ মানুষের ক্ষতি করা। বক্তারা বলেন, কাউন্সিলর আকতার কামাল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়নে নিরলস পরিশ্রম করছেন। তার প্রচেষ্টায় ১নং ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন কার্যক্রম চলছে। বিগত ৪-৫ বছরে তিনি ওই ওয়ার্ডের রাস্তা, ড্রেইনসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। তিনি পাল্টে দিয়েছেন একসময় অবহেলিত থাকা ১নং ওয়ার্ডের চেহারা। কোন অপশক্তি কাউন্সিলর আকতাল কামালের উন্নয়নযাত্রা থামাতে পারেনি। তাই বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। সাধারণ মানুষ ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেবে। বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ আশ্রয়ণ প্রকল্পের প্রতি জেলা প্রশাসকের আলাদা নজরদারি রয়েছে। এখানে অনিয়ম করার কোন সুযোগ নেই। জেলা প্রশাসনের দিক-নির্দেশনা অনুযায়ী জলবায়ু উদ্বাস্তুদের তালিকা করা হচ্ছে। এই তালিকা থেকে কোন উদ্বাস্তু বাদ যাবে না। আর এখানে স্বজনপ্রীতি করার প্রশ্নই আসে না। পর্যায়ক্রমে সকল উদ্বাস্তু তালিকায় স্থান পাবে। নিয়মনীতি মেনেই এই তালিকার কার্যক্রম চলছে। কক্সবাজার পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিক উল্লাহ কোম্পানীর সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর ১নং ওয়ার্ডের জনপ্রিয় বারবার নির্বাচিত কাউন্সিলর এসআইএম আকতার কামাল আযাদ, কুতুবদিয়া পাড়া সমাজ উন্নয়ন পরিষদের আহবায়ক আবুল বশর বহদ্দার, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, মাওলানা জাহেদুর রহমান, সিরাজুল করিম, ওমর ফারুক বাদশা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ আরমান, ইসমাঈল হোসেন মুন্না, মাষ্টার মোঃ সোহেল, ফদনার ডেইল সমাজ কমিটির সভাপতি মোঃ বাবুল, বন্দরপাড়া সমাজ কমিটির সভাপতি দিদারুল ইসলাম দিদার, বাগানপাড়া সমাজ কমিটির সভাপতি মীর হোসেন খোকন, যুবনেতা মুবিনুল হক মুবিন, আওয়ামী লীগ নেতা আ.ক.ম আহমদ উল্লাহ, জিল্লুল করিম, যুবনেতা তাজুল ইসলাম রাজু, যুবনেতা আবদুল কাদের, ব্যবসায়ী নেতা মাওলানা খোরশেদ আলম ও মাস্টার কামাল উদ্দিন প্রমূখ।
