ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড শতাধিক শিক্ষার্থীর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শাহ্ মুহাম্মদ রুবেল : কক্সবাজারে ৭ শত শিক্ষার্থী ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছেন। শনিবার (৭ মার্চ) সকাল ১০ টায় কক্সবাজার সদর উপজেলার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ বিরোধী সভায় শপথ নেন শিক্ষার্থীরা।

শপথে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনা করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কখনো মিথ্যা না বলা এবং ১৮ বছর বয়সের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার শপথ নেয়। যেখানেই ধর্ষণের খবর, সেখানে দলবদ্ধভাবে ছুটে গিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করে শিক্ষার্থীরা।

পাশাপাশি নিজেদের বাড়ি, পাড়া, মহল্লা বা গ্রামে মাদকের উৎসমূল সম্পর্কে জানতে পেলে প্রশাসনকে জানানোরও প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তারা।

টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণ বিরোধী সভার শুরুতে আলোচনা সভা হয়। সভায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, শিশু-কিশোর এবং তরুণরাই আগামীর বাংলাদেশ। তাদের মাঝে দেশপ্রেমের বীজ সঠিকভাবে বোনা গেলেই সোনার বাংলা বিনির্মাণ সম্ভব। স্কুলজীবন থেকেই সমাজের অপরাধ-অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় বুকে ধারণ করতে পারলে আশপাশের অসামঞ্জস্যতা রোধ করা অনেকাংশে সম্ভব। তাই বাল্য বিয়ে, ধর্ষণ ও মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠানে সারথি হয়েছি। শিক্ষার্থীদের সব ধরনের ভালো কাজে পাশে থাকবে সদর থানা পুলিশ।

উপস্থিত ছিলেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম ফরহাদ, উপদেষ্টা কেফায়েত উল্লাহ্, সহ সভাপতি সাগর খান, সাধারণ সম্পাদক কামরুল হাসান ফাহিম, সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন জিহান প্রমুখ।