নিজস্ব প্রতিনিধি :
রামু, উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩৭ হাজার ৯৮০ পিচ ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব)। এসময় ইয়াবাসহ ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন রোহিঙ্গা।
র্যাব ১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বুধবার সন্ধায় রামু রাজারকুল এলাকায় শফি মেম্বারের বাড়ির আঙ্গিনা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করে র্যাব। আটককৃতরা হচ্ছে মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা মো. সালাম(৪২) ও মো. মোরশেদ আলম(২৭)। এসময় শফি মেম্বার পালিয়ে যায়।
এদিকে টেকনাফের হোয়াইক্যং বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭হাজার ৯৮০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। ধৃত ব্যক্তি হচ্ছে চকরিয়া উপজেলার খুটাখালী পূর্ব নয়াপাড়া এলাকার মনজুর আলমের ছেলে রিদুয়ানুল হক(২৬)। র্যাব ১৫ এর সহকারী পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, মঙ্গলবার সন্ধা ৬টার দিকে র্যাব ১৫ এর সদস্যরা হোয়াইক্যং বাজারের দক্ষিণে পাকা সড়কের পাশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করে। পরে তার হাতে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৭হাজার ৯৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
অপরদিকে র্যাব ১৫ এর অপর একটি দল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের লম্বাঘোনা এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় ১০ হাজার ইয়াবা সহ মো. আব্দুল্লাহ নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে উক্ত মাদক ব্যবসায়ীর দোকানে তল্লাশী চালিয়ে ১০ হাজার ইয়াবা উদ্ধার করে র্যাব সদস্যরা। ধৃত ব্যক্তি লম্বাঘোনা এলাকার আলী আহমদ’র ছেলে। ধৃতদের স্ব-স্ব অভিযানিক এলাকার থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
