নিজস্ব প্রতিনিধি : রোহিঙ্গা ডাকাতদলের ভয়ে রাতজেগে পাহারা দেয়ার ঘটনা ঘটেছে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায়।
রোববার রাতে ডাকাতির ভয়ে গ্রামের যুবকরা লাঠিসোটা নিয়ে পাহাড়া বসায়। এসময় আইন-শৃংখলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরাও নিয়মিত টহলে নিয়োজিত ছিলেন।
গ্রামবাসী জানিয়েছে, পার্শবর্তী পাহাড়ে অবস্থান করা রোহিঙ্গা ডাকাত দল হাসিম উল্লাহ বাহিনী রাতে জাদিমুড়া গ্রামে ডাকাতি করবে এমন খবরে আতংক ছড়িয়ে পড়ে এবং পাহারা বসায় গ্রামবাসী। ইতিমধ্যে ডাকাতির ভয়ে বেশকিছু পরিবার পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।
স্থানীয় ইউপি মেম্বার মো: আলী জানান, জকির ডাকাত নিহতের পর গ্রামবাসী আশা করেছিল এইবার তারা নিরাপদে গ্রামে বসবাস করতে পারবে। কিন্তু নতুন করে হাসিম উল্লাহ বাহিনীর উত্থানে গ্রামবাসী চিন্তিত হয়ে পড়েছে। বিষয়টি প্রশাসন ও থানা পুলিশকে জানানো হয়েছে।
জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আই-নশৃংখলার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কর্মকর্তা বলেন, দুস্কৃতিকারী যেই হোক তাদেরকে আইনের আওতায় আনতে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন তৎপর রয়েছে। ইতিমধ্যে অনেক দুস্কৃতিকারীকে আইনের আওতায় আনা হয়েছে।
গত ৩০ জুন ডাকাত হাসিম উল্লাহ বাহিনীর হামলায় দমদমিয়া এলাকায় হাবিব উল্লাহর ৩ ছেলে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে। এর আগে এই বাহিনীর হাতে নিহত হয়েছে স্থানীয় সিএনজি চালক হোসেন। স্থানীয় ও ভোক্তভোগীরা জানিয়েছেন, এই বাহিনী ইতিমধ্যে অনেককে অপহরণ করে মুক্তিপন আদায় করেছে। এই বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ডাকাত হাসিম উল্লাহ ও জকির ডাকাতের ভাই দিল মোহাম্মদ।
