এম.জিয়াবুল হক : চকরিয়ায় বসত-ঘরের গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আকাশ দেবনাথ (১৭) নামের এক কিশোরের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। শনিবার সকালে চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডে হিন্দুপাড়া সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন নিজ বাড়িতে ঘটেছে এ দুর্ঘটনা। নিহত কিশোর ওই এলাকায় মৃত মিলন দেব নাথের বড় ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, শনিবার সকাল আটটার দিকে নিজ বাড়ির একটি গাছে ডাল কাটার জন্য উঠে আকাশ। এসময় গাছের পাশে থাকা বিদ্যুৎ লাইনের ৩৫ হাজার ভোল্টের তারে জড়িয়ে গিয়ে ঘটনাস্থলে মারা যান আকাশ দেবনাথ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বাসিন্দা ও চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ। তিনি বলেন, ইতোপুর্বে আকাশের বাবা মারা গেছেন। সেই থেকে ১৭ বছর বয়সের কিশোর আকাশ ছিলেন পরিবারের আয়ের উৎস। তার অকাল প্রয়াণে পরিবারটি এখন পথে বসার উপক্রম হয়েছে। পাশাপাশি এলাকাবাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ সৎকাজ সম্পন্নের জন্য বিনাময়না তদন্তে অনুমতি দেওয়া হয়েছে। #
