টেকনাফ টুডে ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় মাদক ব্যবসায়ীদের দুপক্ষের গোলাগুলিতে সাবেক পৌর কাউন্সিলর আইয়ুব আলী (৫৫) নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার হাটরামপুর শালবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত আইয়ুব আলী একজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদক, সন্ত্রাস, চোরাকারবারি, পকেটমারিসহ বিভিন্ন অপরাধের ১৯টি মামলা রয়েছে।
আইয়ুব আলী বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেল কলোনিপাড়ার বাসিন্দা। একবার তিনি সেতাবগঞ্জ পৌরসভার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জানান, সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের একটি দল বোচাগঞ্জ উপজেলায় অভিযানে যায়। রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হাটরামপুর শালবাগানের ভেতর দুপক্ষের গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ সেখানে যায়। তাদের ছত্রভঙ্গ করতে সাত রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, ককটেলসহ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মাদক ব্যবসায়ীদের টাকা ভাগাভাগি নিয়ে দুপক্ষের গোলাগুলিতে আইয়ুব আলী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পুলিশের এই কর্মকর্তা।
