এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া এলাকায় প্রেমের বিয়ের ৬মাস পর রহস্যজনক কারনে মারা গেছে গৃহবধূ কান্তা বড়ুয়া (১৯)। বাড়ির ভেতরে বীমের সাথে ওই নারী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শ^শুড়বাড়ির লোকজন দাবী করলেও পুলিশ বলছে ময়নাতদন্তের পর ডাক্তারী রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। অপরদিকে মৃত্যুর ঘটনাটি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত না করেই শ্বশুরালয়ের লোকজন ওই গৃহবধূকে কথিত ফাঁস খাওয়া অবস্থা থেকে নামানোয় ঘটনায় তাঁর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য অনিমেষ রঞ্জন দে বলেন, দু’গোত্রের ছেলে মেয়ের মধ্যে প্রেম করে বিয়ে হলেও তাদের মধ্যে ঝগড়া বিবাদ বা অসন্তোষমূলক কোন কর্মকান্ড ছিল না। এ ধরণের কোন ঘটনা ইতোপুর্বে কারো কাছ থেকে শোনাও যায়নি। তিনি বলেন,গতকাল সকালে হঠাৎ শুনি ফাঁস খেয়ে গৃহবধু কান্তা আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, প্রেম করে বিয়ের ৬মাস পর গৃহবধূ মারা যাওয়ারটি স্থানীয় জনগনের মাঝে নানা ধরণের বিভ্রান্তি তৈরী হয়েছে। তাই মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, চিকিৎসকের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এছাড়া মুত্যুর বিষয়টি নিয়ে শ্বশুর বাড়ির লোকজনকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। #
