বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : বিশ্বজুড়ে ২০১৮ সালে অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা পাঁচ ভাগ বেড়েছে। এই অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই গতকাল সোমবার নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদমাধ্যম পার্স টুডে জানায়, বিশ্বের ১০০টি প্রধান অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠান ২০১৮ সালে ৪২ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে, যার বৃহৎ অংশ হচ্ছে যুক্তরাষ্ট্রে। দেশটির অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো শতকরা ৫৯ ভাগ অস্ত্র বিক্রি করেছে, যাদের এ খাতে আয় ছিল ২৪ হাজার ৬০০ কোটি ডলার। আগের বছরের চেয়ে তাদের অস্ত্র খাতে আয়ের পরিমাণ শতকরা ৭ দশমিক ২ ভাগ বেশি।

এসআইপিআরআই’র পরিচালক অদি ফ্লুর্যা ন্ট বলেন, যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের অস্ত্র বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর অস্ত্র বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। চীন এবং রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অবস্থান নতুন করে শক্তিশালী করার জন্য ট্রাম্প প্রশাসন অস্ত্র আধুনিকায়ন করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে আরও বেশি লাভবান হতে শুরু করেছে।

২০১৮ সালে অস্ত্র বিক্রির দিক দিয়ে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে রাশিয়ার অবস্থান। এ দেশটি বিশ্ব অস্ত্র বাজারের শতকরা ৮ দশমিক ৬ ভাগ অস্ত্র সরবরাহ করেছে। এরপরই রয়েছে ব্রিটেন। এ দেশটি মোট অস্ত্রের শতকরা ৮ দশমিক ৪ এবং ফ্রান্স ৫ দশমিক ৫ ভাগ অস্ত্রের জোগান দিয়েছে।

এসআইপিআরআই’র গবেষণা প্রতিবেদনে চীনের বিষয়টি উঠে আসেনি। কারণ বেইজিং থেকে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। গবেষণা প্রতিষ্ঠানটি ধারণা করছে যে, অস্ত্র বিক্রির তালিকায় চীনের অবস্থান তিন থেকে সাতের ভেতরে থাকতে পারে। চীন ২০১৩ সাল থেকে প্রতিবছর তার মোট জাতীয় আয়ের শতকরা ১ দশমিক ৯ ভাগ প্রতিরক্ষা খাতের জন্য ব্যয় করে আসছে।