টেকনাফ টুডে ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন যুবক নিহত হয়েছেন। র্যাবের দাবি, নিহত তিনজনই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।
আজ মঙ্গলবার ভোরে উপজেলার ছোটকুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র (দা) উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া র্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ভোরে র্যাবের টহল দলের সঙ্গে ছোটকুমিরা এলাকায় আন্তঃজেলা ডাকাতদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, একটি বিদেশি পিস্তলসহ দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
