ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আর নেই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা সুষমা স্বরাজ আর নেই। গতকাল মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হলে মঙ্গলবার রাত ৯টার পর স্বজনেরা তাকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এআইআইএমএসের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে মারা যাওয়ার আগে সন্ধ্যায় জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন সুষমা স্বরাজ। তিনি বলেন, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার জীবনের চাওয়া ছিল। এই ধরনের একটি দিনের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন।

নরেন্দ্র মোদির আগের সরকারে ২০১৪ থেকে গত ৩০ মে পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সুষমা স্বরাজ। অসুস্থতার কারণে মোদির এবারের সরকারে থাকেননি তিনি, অংশ নেননি নির্বাচনেও।