টেকনাফে র‌্যাব,পুলিশ-বিজিবির পৃথক অভিযানে বিপূল পরিমাণ ইয়াবা ও আইস উদ্ধার ; আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের বিভিন্ন পয়েন্টে গত ২৪ ঘন্টায় র‌্যাব, পুলিশ ও বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা ও আইস উদ্ধার করেছে। এসব অভিযানে হাতে-নাতে মাদকের চালান নিয়ে রোহিঙ্গা নারী-পুরুষসহ ৩জনকে আটক করেছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান,১১ জানুয়ারী (মঙ্গলবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের সীবিচ বিওপির বিশেষ টহলদল ঝাঊ বাগানে মাদকের চালান মওজুদের সংবাদ পেয়ে নোয়াখালীপাড়া মেরিন ড্রাইভ বীচের পাশে ঝাউবাগানে অভিযানে যায়। ঝাউ বাগানে তল্লাশী চালিয়ে গাছের গোড়ার নীচে অভিনব কায়দায় লুকানো ১টি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। তা ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ১০কোটি ৩২লক্ষ টাকা মূল্যমানের ২কেজি ৬৪ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ পাওয়া যায়। সকাল ১১টায় ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অবহিত করা হয়। জব্দকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্তুপক্ষ,চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গন্যমান্য ব্যক্তি ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

অপরদিকে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,গত ১০জানুয়ারী (সোমবার) রাত ১০টারদিকে টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলার লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে ব্লক-এ/১ অভিযান চালিয়ে ৬০হাজার পিস ইয়াবাসহ মৃত আবুল বাশারের পুত্র একরাম উদ্দিন (২৩) কে আটক করে। এছাড়া টেকনাফ মডেল থানা পুলিশের আরো একটি বিশেষ টহল দল রাত পৌনে ১১টায় টেকনাফ পুরান পল্লান পাড়ায় অভিযান চালিয়ে ৫শ গ্রাম আইস ও ৫হাজার পিস ইয়াবাসহ বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক-ঐ/৫২ এর বাসিন্দা মৃত ফারুকের স্ত্রী হাসিনা (৩০) কে আটক করে। মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া ) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,একই দিন দুপুর সোয়া ১টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ নতুন পল্লান পাড়ার শেখ আহমদের পুত্র আব্দুল্লাহ (৩০) কে আটক করে। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###