কক্সবাজার প্রতিনিধি : র্যাব সদস্যরা কক্সবাজারে অভিযান চালিয়ে ১৩ হাজার ৭৬৭ পিচ ইয়াবা সহ দুইজনকে আটক করেছে। এসময় পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। ধৃত নারী সহ দুই পাচারকারী ঢাকায় দক্ষিণখান ফাইদাবাদ জব্বর সাহেবের বাড়ির ভাড়াটিয়া বসবাস কারী কিশোরগঞ্জ ভৈরব থানার আবু তাহেরের পুত্র মো. রতন মিয়া (৩৮) ও আবু তাহেরের স্ত্রী নাছিমা (৬০)।
র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, র্যাব-৭ এর একটি আভিযানিক দল কক্সবাজারের সদর উপজেলার বাঁকখালী ব্রীজের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় টেকনাফ হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দেয়। এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাদেরকে আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৭৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উক্ত প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৩-৫৬৬০) জব্দ করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসহ প্রাইভেট কারের আনুমানিক মূল্য ৮৮ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা ।
