এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া থানা পুলিশের ব্যাপক আয়োজনে পুলিশের সেবা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় থানা ভবন থেকে র্যালি বের করে সড়ক প্রদিক্ষিণ করে থানার কনফারেন্স কক্ষে গিয়ে সভায় মিলিত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। উদ্বোধক ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চকরিয়া থানার ওসি তদন্ত আতিক উল্লাহ, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, প্রবীণ আওয়ামীলীগ নেতা জোবায়ের আহমদ বিএসসি, বদরখালী ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, কৈয়ারবিল কমিউনিটি পুলিশের জাফর আলম সিকদার, পুর্ববড় ভেওলা কমিউনিটি পুলিশের ফজল কাদের, বিএমচর কমিউনিটি পুলিশের শহীদুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম, কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শওকত ওসমান, চকরিয়া বিমানবন্দর সড়ক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম নুরুস শফি প্রমুখ। অনুষ্ঠানে থানা পুলিশের সকল কর্মকর্তা, ইউনিয়ন কমিটি পুলিশের সকল কমিটির সভাপতি সম্পাদক, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত আলোচনা সভায় সহকারি পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেছেন, পুলিশ বাহিনী আইনশৃঙ্খলার উন্নয়নে জনগনের সেবক হিসেবে কাজ করবে। সেই লক্ষ্যে পুলিশের প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছেন। আমরা কাজের মাধ্যমে প্রমাণ দিতে চাই পুলিশ প্রকৃতঅর্থৈ জনগনের সেবক।
তিনি বলেন, পুলিশ বাহিনী এলাকার সকল ধরণের অপরাধ নিমুর্লে বদ্ধপরিকর। সেইজন্য পুলিশকে এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সচেতন সকল মহলকে সহযোগিতা করতে হবে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে পুলিশ কর্মের মাধ্যমে মাদক মুক্ত সমাজ, বাল্য বিবাহ, ইভটিজিং ও নারি নির্যাতন বন্ধ এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সফল হবে।
