সাবরাং হারিয়াখালী বেড়িবাঁধ হতে টমটম চালকের লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে সাবরাং উপকূলীয় বেড়িবাঁধ হতে টমটম চালক এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,১ নভেম্বর সকাল ৭টারদিকে উপজেলার সাবরাং হারিয়াখালীতে পরিত্যক্ত লাশের খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই মোঃ ইব্রাহীমের নেতৃত্বে একদল পুলিশ হারিয়াখালী বেড়িবাঁধে গিয়ে এক যুবকের পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের মুখে কিল-ঘুষির চিহ্ন থাকলেও বড় ধরনের ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি। নিহত যুবক সাবরাং কচুবনিয়ার মৃত জালাল আহমদ বৈদ্যের পুত্র মোঃ হেলাল (১৮) বলে জানা গেছে। সে একজন টমটম চালক বলে স্থানীয় সুত্রে জানা গেছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, সকালে এলাকাবাসী সুত্রে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।