বঙ্গোপসাগরে ৩টি ফিশিং ট্রলার ডুবি, ১ ট্রলারসহ ১৪ জেলে নিখোঁজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল :
সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ৩টি ফিশিং ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এঘটনায় ৩টি ট্রলারের ১৮জন জেলে উদ্ধার হলেও ৬জন নিখোঁজ রয়েছে। এছাড়া ৮মাঝি-মাল্লা সহ অপর ১টি ফিশিং ট্রলার নিখোঁজ রয়েছে।

বুধবার (১০ এপ্রিল) ভোর রাতে বৈরী আবহাওয়ায় ট্রলার গুলি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের মালিক ও উদ্ধার জেলেদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

ডুবে যাওয়া একটি ট্রলারের মালিক শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়ার মো. জোবায়ের জানান, বুধবার ভোর রাতের দিকে সেন্টমার্টিনের আনুমানিক ৩০ কিলোমিটার পশ্চিমে ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

এসময় আচমকা দমকা বাতাসে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার কবিরা, বদি আলম ও তার নিজের মালিকানাধীন ১টি সহ ৩টি ট্রলার ডুবে যায়। আশেপাশে বহু ফিশিং ট্রলার মাছধরারত ছিল। এসব ট্রলারের মাঝি-মাল্লারা ৩টি ট্রলারের ২৪ জন মাঝি-মাল্লার মধ্যে ১৮জনকে উদ্ধার করে বুধবার সন্ধায় শাহপরীরদ্বীপ ঘাটে নিয়ে আসে। উদ্ধার ও নিখোঁজ জেলেরা টেকনাফের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।

তবে ৩টি ট্রলারের ৬জন ও শাহপরীরদ্বীপের আব্দুল্লাহর মালিকানাধীন একটি ট্রলারের ৮জনসহ ১৪ মাঝি-মাল্লা ও এখনো নিখোঁজ রয়েছে বলে জানান তিনি।

শাহপরীরদ্বীপের স্থানীয় ইউপি মেম্বার ফজল হক সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা জানান, সেন্টমার্টিনের কোন ট্রলার ডুবি হয়নি, ডুবে যাওয়া ট্রলার গুলো শাহপরীরদ্বীপের বলে শুনেছেন বলে জানান।