টেকনাফে বিজিবি’র অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বিশ্বস্থ্ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, মায়ানমার হতে ইয়াবার একটি চালান টেকনাফ ইউপিস্থ ১নং স্লুইস গেইট বরাবর নাফ নদীর কিনারা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির হাবিলদার মোঃ আশরাফুলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অদ্য ১৪ জুন ২০১৭ তারিখ ০০৩০ ঘটিকায় দ্রুত বর্ণিত স্থানে গমন করতঃ নাফ নদীর কিনারায় অবস্থান নিয়ে ওঁৎ পেতে থাকে। আনুমানিক ০১০০ ঘটিকায় টহলদল কয়েকজন লোককে নাফ নদীর কিনারা দিয়ে আসতে দেখে সন্দেহ হওয়ায় চ্যালেঞ্জ করে। এমতাবস্থায় ইয়াবা বহনকারীরা দ্রুত দৌঁড়ে পাশ্ববর্তী কেওড়া বাগানের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহলদল তাদের পিছু ধাওয়া করে। একপর্যায়ে ইয়াবা বহনকারীরা তাদের কাছে থাকা ব্যাগটি ফেলে কেওড়া বাগান অতিক্রম করে পার্শ্ববর্তী এলাকা দিয়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। অতঃপর টহল দল ইয়াবা বহনকারী কর্তৃক ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশী করে ৯০,০০,০০০/- (নব্বই লক্ষ) টাকা মূল্যমানের ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।