টেকনাফ টুডে ডেস্ক : গ্লোবাল সামিট অব উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করে। অস্ট্রেলিয়ার সিডনীতে ‘গ্লোবাল উইমেন সামিট’র প্রেসিডেন্ট আইরিন নাতিভিদাদের কাছ থেকে শুক্রবার এক নৈশভোজ অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ সম্মাননা গ্রহণ করেন প্রধানমন্ত্রী। খবর: বাসস।
ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (আইসিসি) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের প্রায় দেড় হাজার নারী নেতৃত্ব যোগদান করেন। পুরস্কার গ্রহণকালে তারা বেশকিছু সময় দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
এসময় নারীর ক্ষমতা কাজে লাগাতে এবং তাদের সহযোগিতা ও অধিকার তুলে ধরতে একটি নতুন বৈশ্বিক জোট গঠনের আহ্বান জানান শেখ হাসিনা।
তিনি বলেন, ‘নারীদের সহযোগিতা ও তাদের অধিকার তুলে ধরতে আমাদের একটি নতুন জোট গঠন করতে হবে। লাখ লাখ নারীর স্বার্থে আমরা অবশ্যই আমাদের অভিন্ন সংস্কৃতি, ঐতিহ্য এবং মূল্যবোধ নিয়ে একত্রে কাজ করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, এই পুরস্কার গ্রহণ করে আমি অত্যন্ত আনন্দিত ও গভীর সম্মানিত বোধ করছি। এই উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড বিশ্বের নারীদের উৎসর্গ করছি যারা নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন।
এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন।
