: মিয়ানমার থেকে বাংলাদেশে আসার পথে ১৯ হাজার ৯’শ পিস ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
আটককৃত হলেন, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার মন্নিপাড়ার গ্রামের মোঃ শামছুল আলমের ছেলে শফি আলম (২৬), মোঃ রফিকের ছেলে মোঃ নূর (২০), মৃত সুলতানের ছেলে মোঃ জোবায়ের (২২), আবু রশিদের ছেলে মোঃ আবু নইয়ম (২৩)।
১৪ মে ভোররাতে দমদমিয়া চৌকির নায়েক হাবিবুর রহমানের সঙ্গীয় বিশেষ ফোর্স নাফনদীর বেড়িবাঁধের চার নাম্বার সøুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
এ প্রসঙ্গে ২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী জানান, সাবরাং চার নম্বর স্লুইচ গেইট বরাবর নাফ নদীর কিনারায় কেওড়া বাগান দিয়ে একটি কাঠের নৌকা মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এসময় বিজিবির টহলদল ঐ নৌকাকে চ্যালেঞ্জ করলে ইয়াবাসহ তাদেরকে আটক করতে সমর্থ হয়। আটক করার পর উক্ত বোট থেকে উনষাট লাখ সত্তর হাজার টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ এবং চারজন মিয়ানমারের মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ এবং মাদক আইনে টেকনাফ মডেল থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, ১৯ হাজার ৯’শ পিস ইয়াবাসহ ৪ মিয়ানমারের নাগরিককে বিজিবি থানায় সোর্পদ করেছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।
