চকরিয়ায় যাত্রীবাহি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার মহাসড়কে যাত্রীবাহি চাপায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার ২৭ সেপ্টেম্বর দুপুর পৌনে তিনটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া কলেজের অদূরে লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলম এর ছেলে ইনজামামউল আলম রাফি (২০) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২০)। দুই বন্ধু অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, গতকাল বুধবার দুপুর পৌনে তিনটার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এসময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এসময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামামকে মৃত ঘোষনা করেন।
অপর আহত মেহেবারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকাল সাড়ে পাঁচটার দিকে মারা যায়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহীদুল উল্লাহ।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের এএসআই দিদারুল ইসলাম বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##