মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পুড়ে যাওয়া মাঝি চকরিয়ার আইয়ুব আলীর মৃত্যু 

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :
কক্সবাজারের সদরের নুনিয়ারছড়া ফিসারীঘাটে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে গুরুতর আহত চকরিয়া উপজেলার বাসিন্দা আয়ুব আলী (৫২) অবশেষে মারা গেছেন। গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রাজধানী ঢাকা শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহত আয়ুব আলী চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে। নিহতের আত্মীয় চকরিয়া পৌরসভার স্থানীয়  ওয়ার্ড কাউন্সিলর নুরুস শফি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত শুক্রবার সকাল ৮টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া ৬ নম্বর জেটিতে নোঙর করা মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ১১ মাঝিমাল্লা দগ্ধ হন। এর মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরে আমার ফুফাতো ভাই আয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় শেখ হাসিনা বার্ন হাসপাতালে নেয়ার পথে মারা যান। #