গত ১৮ এপ্রিল একটি অনলাইন নিউজ পোর্টাল ও পরের দিন কক্সবাজারের একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত “রক্ষক যখন ভক্ষক : পরিবেশ অধিদপ্তরের মামলার প্রস্তুতি” শীর্ষক সংবাদের আশিংক প্রতিবাদ জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৯ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত মেম্বার আব্দুর রউফ।
সংবাদের একাংশে তাকে দক্ষিণ পাড়ায় বেড়ীবাঁধ ও ভবণ নির্মাণের হোতা হিসাবে উল্লেখ করে বীচ কর্মী ও পরিবেশ কর্মীরা অবগত রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রতিবাদ লিপিতে তিনি জানিয়েছেন, সেন্টমার্টিনের যত রকমের পরিবেশ বিধংসী কর্মকান্ড রয়েছে তার বিরুদ্ধে তিনি সর্বদা সোচ্চার ছিলেন এখনও আছেন এবং ভবিষ্যতে থাকবেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমান দিতে পারলে তিনি মাথা পেতে নিবেন বলে জানান। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানান, সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় তার ভূমিকা সম্পর্কে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন স্থরের কর্মকর্তাগন সহ স্থানীয় পরিবেশ কর্মী ও বীচ কর্মীরা তা অবগত রয়েছেন। শুধু তাই নই সেন্টমার্টিনে অবৈধ শামুক ঝিনুক বিক্রিসহ পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বাঁধা দেওয়া ও বিভিন্ন সময় জব্দ করা শামুক ঝিনুক এখন পরিষদে রক্ষিত আছে যা দ্বীপবাসী অবগত রয়েছে।
এছাড়া দ্বীপে বিভিন্ন ধরণের মাদক বিক্রি ও সেবনে বাঁধা প্রদান পরবর্তীতে অনেককে ইউপি চেয়ারম্যান কর্তৃক পরিষদের শালিস বিচারের মাধ্যমে শাস্তি আবার অনেককে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে।
সেন্টমার্টিনে এধরনের জনহিতকর ও পরিবেশ বান্ধব কর্মকান্ডে ইর্ষান্বিত হয়ে গত ইউপি নির্বাচনে পরাজিত পক্ষ তার ও ইউপি চেয়ারম্যান নুর আহমেদ, ইউপি সদস্য আবু বক্করসহ পরিষদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মনে করেন তিনি। এলাকার জনহিতকর কর্মকান্ডে ন্যস্ত থেকে দ্বীপবাসীর সেবা করে আসছেন বলেই এলাকাবাসী তাকে বারবার জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন যার ফলশ্রুতিতে গত ১৪ বছর যাবৎ একজন সফল জনপ্রতিনিধি হিসাবে মেম্বার নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। এব্যাপারে তিনি সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহবান জানান।
