খান মাহমুদ আইউব।
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে জেসমিন আক্তার (২২) নামের এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তার স্বামী পরিচয়দানকারী মুস্তাফিজ পলাতক রয়েছে। তারা বাগেরহাট সদরের কেদাপাড়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাতটার দিকে শহরের বাজার ঘাটা হোটেল সী বার্ড এর ৩১০ নাম্বার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল ১৪ ফেব্রুয়ারী জেসমিন আক্তার ও তার স্বামী পরিচয়দানকারী মুস্তাফিজসহ দুজনে শহরের সী বার্ড আবাসিক হোটেলের ৩১০ নাম্বার কক্ষে উঠে। আজ দুপুরের পর থেকে রুমের বাহিরে তালা লাগানো ছিলো। পরে তাদের মুটোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়ায় সন্ধ্যার দিকে রুমের তালা খুলে ভেতরে তরুনীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে পুলিশ ও গোয়েন্দা পুলিশের টিম যৌথ ভাবে নারীর মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে এই ঘটনায় স্বামী মুস্তাফিজকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে, তবে জিজ্ঞাবাদের জন্য হোটেল ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে।
