টেকনাফ টুডে ডেস্ক : এবার বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। প্রভিডেন্স স্টেডিয়ামে আজ বুধবার সন্ধ্যায় দ্বিতীয় ওয়ানডে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে যাবে বাংলাদেশ। যা হবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের ৩১তম সিরিজ জয়।
কাজটা প্রথম ওয়ানডের মতো সহজ হবে না। তাই বেশ সতর্ক অতিথিরা। প্রথম ওয়ানডের পরপরই তামিম সেই সতর্কবার্তা দিয়ে দিয়েছিলেন, ‘আমাদের যদি জিততে হয়, সেরা খেলাই খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজ যে ভালো ও বিপজ্জনক দল, তা টেস্ট আর টি-টোয়েন্টিতেই তারা প্রমাণ করেছে।’
মাঠ ভেজা থাকায় প্রথম ওয়ানডে ৪১ ওভারে অনুষ্ঠিত হয়। আগে ফিল্ডিং করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে ১৪৯ রানের বেশি করতে দেয়নি। নিয়ন্ত্রিত বোলিং, আঁটসাঁট আক্রমণ এবং নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের থিতু হতে দেননি বোলাররা। নাসুম থেকে শুরু করে মিরাজ, শরিফুল থেকে মোস্তাফিজুর ও তাসকিন…প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সামলেছেন শতভাগ উজার করে।
তবে ফিল্ডিং নিয়ে তামিমের বেশ মাথাব্যথা ছিল। চার ক্যাচ মিস বাংলাদেশকে না ভোগালেও সামনে বড় ধরণের ক্ষতি করতে পারে আগাম জানিয়ে রেখেছেন দলীয় অধিনায়ক, ‘ভালো দলের বিপক্ষে এই ক্যাচগুলো ছাড়াটা মূল্যবান হয়ে দাঁড়াবে। অধিনায়ক হওয়ার পর থেকেই বলছি, এটি নিয়ে আমি চিন্তিত। এটি বন্ধ হতে হবে, (ক্যাচ ফেলা) কমিয়ে আনতে হবে। ক্যাচগুলো ধরলে আমরা হয়তো প্রথম ওয়ানডেতে ১১৫ রান তাড়া করতাম। সমস্যা কোথায়, খুঁজে বের করতে হবে। বারবার দেখবেন, একই মানুষের হাত থেকে ক্যাচ পড়ছে, এটি ভালো নয়।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ৯ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ গায়ানায় মাঠে নামবে বাংলাদেশ। আজ জিতলে বাংলাদেশ শুধু সিরিজই জিতবে না, জয়ের অঙ্কটা দশে দশ হয়ে যাবে। জিম্বাবুয়ের পর প্রথম দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের এমন ঈর্ষণীয় রেকর্ড যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেটে।
