হুমায়ূন রশিদ : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফে বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো একজনকে পলাতক আসামী করা হয়েছে।
সুত্র জানায়, গত ১১জানুয়ারী সকাল পৌনে ১১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউপির পানছড়ি পাড়ার জনৈক মোঃ ইলিয়াছ এর বাড়ীতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে যায়। বাড়ির সামনে র্যাবের আভিযানিক দল উপস্থিত হলে কৌশলে পালানোর সময় মোঃ ইলিয়াছের পুত্র মোঃ সোহেল(২২) কে আটক করতে সক্ষম হলেও আরো এক মাদক কারবারী পালিয়ে যতেে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেখানো ও সনাক্তমতে তার বসত ঘর তল্লাশী করে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত এবং পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
