৫ লাখ ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আমিন আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় ৫ লাখ পিস ইয়াবাসহ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দুল আমিন (২৩) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

আটক সৈয়দুল আমিন (২৩) বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি/৭৪ এর মো. আমিনের ছেলে।

রবিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটকে করা হয়।

আজ সোমবার সকালে এক প্রেস রিলিজ দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গতকাল রবিবার রাতে ওই এলাকায় অভিযানে যান।এ সময় এক ব্যক্তিকে বস্তা নিয়ে বালুখালী ব্রিজের নিচ দিয়ে পার হতে দেখে থামতে বলে র‌্যাব। তখন তারা বস্তা ফেলে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে একজনকে আটক করা হয়। পালিয়ে যায় আরো ৫/৬ জন । এসময় ঘটনাস্থল থেকে পাচারে ব্যবহৃত ব্যাটারী চালিত ইজিবাইক জব্দ করা হয়।

জব্দ ইয়াবাসহ ধৃত রোহিঙ্গাকে উখিয়া থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।