১৪৫টি মৃত তিমি নিউজিল্যান্ডের সৈকতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :: নিউজিল্যান্ডের স্টুয়ার্ট দ্বীপের সমুদ্র সৈকত থেকে ১৪৫টি মৃত তিমি শাবক উদ্ধার করা হয়েছে। গত শনিবার দেশটির মেসন উপসাগরের কূলে মরে পড়ে থাকা ওই তিমিগুলোকে প্রথম দেখতে পায় একজন পথচারী।

আজ রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ওই সাগরের অর্ধেকেরও বেশি তিমি ইতিমধ্যে মারা গেছে। আর যে অর্ধেক তিমি এখনও বেঁচে আছে তাদেরকেও বাঁচানো বেশ মুশকিল হয়ে যাবে।

দ্বীপটির দক্ষিণাঞ্চলীয় উপকূলের রকিউরা কিংবা স্টুয়ার্ট দ্বীপের সমুদ্র সৈকতে প্রায় দুই কিলোমিটার জুড়ে এই বাচ্চা তিমির মরদেহগুলো পরে থাকতে দেখা যায়। তবে ঠিক কী কারণে বিপুল পরিমাণে তিমি ও ডলফিন মারা যাচ্ছে তা এখনও অজানা। ধারণা করা হচ্ছে, অসুস্থতা, জোয়ার কিংবা শিকারির ধাওয়া খেয়ে সৈকতে এসে মারা যায় তিমিগুলো।

প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ বিভাগের আঞ্চলিক কর্মকর্তা রেন লেপেনস এক বিবৃতিতে বলেন, ‘একসঙ্গে এতগুলো তিমির মৃত্যু খুবই দুঃখজনক। দ্বীপটি খুব দূরে হওয়ায় সেখানে আমাদের কোনো কর্মচারী না থাকায় দিন দিন তিমির সংখ্যা হ্রাস পাচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত আমরা তিমির মরে যাওয়ার সংবাদ পাচ্ছি।’

পরিবেশ সংরক্ষণ বিভাগের দেওয়া বিবৃতিতে বলা হচ্ছে,নিউজিল্যান্ডে এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। প্রতি বছর নানা কারণে গড়ে ৮৫টি তিমির মৃত্যু হয় এ অঞ্চলে।

গত সপ্তাহজুড়ে আরও ১২টি ছোট তিমি মারা গেছে। তবে একসঙ্গে এতগুলো তিমির মৃত্যুর ঘটনা দেশটিতে বিরল।