বিশেষ প্রতিবেদক : হ্নীলা ফুলের ডেইল প্রিমিয়ার লীগ ফুটবল টূর্ণামেন্টের ১ম আসরের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। এতে ট্রাইবেকারে বীরশ্রেষ্ট মতিউর রহমান ফুটবল একাদশ ৩-০গোলে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে।

৪ জুন বিকালে হ্নীলা উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ফুলের ডেইল প্রিমিয়ার লীগ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় বীরশ্রেষ্ট মতিউর রহমান ফুটবল একাদশ এবং বীরশ্রেষ্ট মোস্তফা কামাল ফুটবল একাদশ মুখোমুখী হয়। খেলার প্রথমার্ধ্বে আক্রমণ-পাল্টা আক্রমনে উভয়দল উত্তেজনা ছড়ালেও কোন দলই গোলের দেখা পায়নি। এরই মধ্যে প্রধান রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার মধ্যবিরতি ঘোষণা করেন। মধ্যবিরতির পর আবারো উত্তেজনাময় খেলা শুরু হয়। বৃষ্টির কারণে মাঠ স্যাঁতসেতে হওয়ায় কোন দলই বিশেষ সুবিধা নিতে পারেনি। উভয় দল একাধিক সুযোগ পেয়েও কোন গোল করতে না পারায় খেলার সময় ফুরিয়ে আসায় রেফারী খেলার সমাপ্তি ঘোষণা করেন।

এরপর খেলা ট্রাইবেকারে গড়ালে বীরশ্রেষ্ট মতিউর রহমান ফুটবল একাদশের গোল রক্ষক আমিন ২টি প্রতিহত করে এবং ১টি গোলপোস্টের উপরে লেগে বাহিরে চলে যায়। অপরদিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল ফুটবল একাদশের গোলরক্ষক কোন গোলই প্রতিহত করতে পারেনি। ফলে বীরশ্রেষ্ট মতিউর রহমান ফুটবল একাদশ ৩-০ গোলে জয় পেয়ে হ্নীলা ফুলের ডেইল প্রিমিয়ার লীগ ফুটবল টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন কায়সার রশিদ লালু, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন নুরুল মোস্তফা ও মোঃ ইউনুছ মেহেরী এবং ৪র্থ রেফারীর দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল নোমান।

খেলা শেষে পুরস্কার বিতরণ উপলক্ষ্যে একসভা টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ খালেদ বাদশাহর সভাপতিত্বে এবং নাছির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব তারেক মাহমুদ রনি। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা ৩,৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাসরিন পারভীন কবির, ডাঃ নুরুল আজিম সোহেল, মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এতে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের গোলরক্ষক মোঃ আমিন সৌরভ।

এছাড়া হ্নীলা একাদশ কর্তৃক আয়োজিত এই টূর্ণামেন্টে সেরা গোলদাতা তারেক, সেরা গোলরক্ষক মোজাহিদ, সফল কোচ নাছির উদ্দীন, উদীয়মান খেলোয়াড় হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফুটবল দলের আরিফ উল্লাহ, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ফুটবল দলের মোবারক হোসাইন, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ফুটবল দলের সোহেল, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ ফুটবল দলের নাহিদুল ইসলাম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফুটবল দলের রেজাউল, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফুটবল দলের নুর হোসাইন নির্বাচিত হন এবং মঞ্চে উপস্থিত হ্নীলা ফুটবল একাদশের সাবেক খেলোয়াড় আবু তালেব, মোস্তাক আহমদ সাকী, হুমায়ুন রশিদ এবং নুরুল হাসানকে বিশেষ সম্মাননা স্মারক দিয়ে সম্মানিত করা হয়। শেষে উপস্থিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। ###
